পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরাইলকে আরব আমিরাতের সতর্কতা প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে আবুধাবি ইসরাইলকে এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক এবং চরমপন্থী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমিরাত জানিয়েছে, এ ধরনের হামলার জন্য ইসরাইলি সরকারকেই পূর্ণ দায়ভার বহন করতে হবে। সেই সঙ্গে যারা এসব হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, তবে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে গণ্য করা হবে। আবুধাবির মতে, এমন পরিস্থিতি ঘৃণা, বর্ণবাদ এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে। তবে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: আরব আমিরাতইসরাইলপশ্চিম তীরসতর্কবার্তাহামলা