নবম পে-স্কেল বাস্তবায়নে তোড়জোড়, অক্টোবরে গেজেট প্রকাশের লক্ষ্য সরকারের প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৬ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই বেতন কাঠামো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত অন্তত দুই বছর স্থগিত রাখার পরামর্শ দিয়েছিল, কিন্তু সরকার সেই পথে না হেঁটে আগামী অক্টোবরেই গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে। নতুন এই বেতন কাঠামোর আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী অন্তর্ভুক্ত হবেন। এতে মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে অর্থ বিভাগের একাধিক বৈঠকে নতুন পে-স্কেলের আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আইএমএফের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, বর্তমান পরিস্থিতিতে নতুন পে-স্কেল কার্যকর করা হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আইএমএফ চায় বিষয়টি অক্টোবর পর্যন্ত অপেক্ষমাণ থাকুক, যাতে বার্ষিক সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় এবং নভেম্বরে সম্ভাব্য নতুন মিশনের সময় বিষয়টি নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করা সম্ভব হয়। তবে সরকার বিষয়টি দীর্ঘায়িত করতে আগ্রহী নয়। আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় পাঁচ ঘণ্টার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সচিব কমিটির সুপারিশ, আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং আইএমএফের আপত্তির বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। বর্তমানে নতুন পে-স্কেলের প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের শেষদিকে কিংবা আগামী সপ্তাহের যে কোনো মন্ত্রিসভার বৈঠকে এটি উত্থাপিত হতে পারে, যদিও চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি। উল্লেখ্য, সরকার এখনো নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ করেনি এবং কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হচ্ছে, সে বিষয়ে কোনো সরকারি তালিকাও প্রকাশিত হয়নি। তাই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গ্রেডের বেতনকে চূড়ান্ত হিসেবে ধরা যাবে না। SHARES অর্থনীতি বিষয়: আইএমএফনবম পে-স্কেলবাংলাদেশ সরকারবেতন কাঠামোসরকারি-চাকরি