শেয়ার বাজারে দারুণ অভিষেক চীনের চিপ নির্মাতা সিএক্সএমটির প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬ চীনের বৃহত্তম মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএক্সএমটি সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিভিত্তিক স্টার মার্কেটে তাদের শেয়ারের অভিষেক করেছে। লেনদেনের প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ৪৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই অভাবনীয় সাফল্যের ফলে সিএক্সএমটির বাজার মূলধন প্রায় ৪ হাজার ৮৭৩ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা কোম্পানিটিকে চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজারে তালিকাভুক্ত সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের এই ব্যাপক আগ্রহ প্রমাণ করে যে সেমিকন্ডাক্টর বা চিপ খাতে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। সিএক্সএমটি মূলত ডায়নামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা ড্রাম (DRAM) চিপ উৎপাদন করে। এই চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার, স্মার্টফোন, ব্যক্তিগত কম্পিউটার এবং ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয়। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ তাদের মেমোরি চিপের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে ব্যয় করা হবে। ২০১৬ সালে ঝু ইমিংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই কোম্পানির সদর দপ্তর পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত। বর্তমানে সিএক্সএমটি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা এনভিডিয়ার অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করছে। এদিকে, চীনের শেয়ারবাজারে গত কয়েক সপ্তাহের বড় ধরনের দরপতনে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারের বাজার মূলধন হারানোর প্রেক্ষাপটে সিএক্সএমটির এই সফল আইপিও দেশটির নীতিনির্ধারকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এটি বাজারে স্থিতিশীলতা ফেরানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক ড্রাম চিপের বাজারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রন আধিপত্য বিস্তার করে আছে, যারা মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এর আগে চলতি মাসের শুরুতে এসকে হাইনিক্স নিউইয়র্কে শেয়ার বিক্রির মাধ্যমে ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছিল, যা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিহাসে কোনো বিদেশি কোম্পানির জন্য সবচেয়ে বড় আইপিও। নাসডাকে লেনদেনের প্রথম দিন শুক্রবার এসকে হাইনিক্সের শেয়ারের দাম একপর্যায়ে ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল, যদিও পরে তা কিছুটা কমে আসে। এআই চিপের চাহিদা দ্রুত বাড়তে থাকায় গত মে মাসে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে এসকে হাইনিক্সের বাজারমূল্য ১ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর বা চিপ একটি অত্যন্ত কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। স্মার্টফোন থেকে আধুনিক গাড়ি ও এআই ডেটা সেন্টার পর্যন্ত সব প্রযুক্তির প্রাণশক্তি হলো এই চিপ। ৫০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়া এই বৈশ্বিক চিপ বাজারের নিয়ন্ত্রণ পাওয়ার লড়াই এখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ওয়াশিংটন অত্যাধুনিক চিপ প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করতে চাইলেও চীন নিজস্ব সক্ষমতা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন বাণিজ্যের পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা ও ভূরাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারা জানিয়েছে, ১৭ কোটি ৭৯ লাখ আমেরিকান ডিপোজিটারি শেয়ার প্রতিটি ১৪৯ মার্কিন ডলার দরে বিক্রি হয়েছে।নাসডাকে লেনদেনের প্রথম দিন শুক্রবার এসকে হাইনিক্সের শেয়ারের দাম একপর্যায়ে ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল। বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এ বাজারের আকার প্রায় দ্বিগুণ হবে। SHARES অর্থনীতি বিষয়: চিপ শিল্পচীনপ্রযুক্তিশেয়ার বাজারসিএক্সএমটি