বাংলাদেশের সংহতির জন্য আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ ও ঢাকা সফরের আগ্রহ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬ ইরানের হামলার ঘটনার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। ঢাকাস্থ ইউএই দূতাবাস বৃহস্পতিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং যারা শোকসন্তপ্ত, তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। চিঠিতে দুই দেশের বিদ্যমান বহুমাত্রিক ও শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। ইউএই প্রেসিডেন্ট জানান, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়া অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া আমন্ত্রণকে স্বাগত জানিয়ে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES অন্যান্য বিষয়: ইরানদ্বিপক্ষীয় সম্পর্কবাংলাদেশশেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসংযুক্ত আরব আমিরাত