নেতানিয়াহুকে সরাতে একজোট ইসরায়েলের চারটি বিরোধী দল প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬ ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী চারটি ইহুদি দলের নেতারা মঙ্গলবার (৩ নভেম্বর) এক বৈঠকে মিলিত হয়েছেন। তারা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করতে এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে তাদের সংসদীয় কৌশল সমন্বয় করতে সম্মত হয়েছেন। ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদ চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান ও ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দ্রুত হটানোর অঙ্গীকার করেছেন। তারা গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন। এই নীতিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটাতে কাজ করা। বিবৃতিতে নেতারা জানিয়েছেন, তারা ঐক্যবদ্ধ এবং ৭ অক্টোবরের সরকারকে হটিয়ে একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে নেসেটে থাকা স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে অবিলম্বে পদক্ষেপ নেবেন। এছাড়া বিরোধী নেতারা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম ম্যান্ডেট যাতে আইজেনকট পান, সে বিষয়ে তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ অবিলম্বে শুরু করতেও সম্মত হয়েছেন। তবে সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে। গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের দুটি আরব দলের সমর্থনের প্রয়োজন, যারা যৌথভাবে ১৯টি আসন জিতেছে। বিরোধী ইহুদি দলগুলো আরব দলগুলোকে ছাড়া কীভাবে সরকার গঠন করবে, সে বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত দেয়নি; কারণ বিরোধী ইহুদি দলের কেউ কেউ আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে আগেই নাকচ করে দিয়েছে। SHARES অন্যান্য বিষয়: ইসরায়েলনেতানিয়াহুবিরোধী জোটরাজনীতিসরকার গঠন