চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে চট্টগ্রামে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার পাশাপাশি বাসি গ্রিল এবং কাঁচা মাছ ও মাংসের সঙ্গে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া চাটগাঁও রান্নাঘরকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করছিল।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।