ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দিল্লিকেই নিতে হবে: শামা ওবায়েদ

প্রকাশিত: 10:36 PM, August 6, 2026

নয়াদিল্লির একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে অডিও বক্তব্য দেয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, দুই দেশের সম্পর্কের মোড় কোনদিকে যাবে, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ স্পষ্টভাবে জানান, বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন এবং ভারত সরকার তা অনুমোদন করছে, যা বাংলাদেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগ বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে ‘জঙ্গিবাদ’ ও ‘চরমপন্থার’ বয়ান সামনে আনত। এখন বিদেশের মাটিতে বসেও ঠিক একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকার এবং জনগণই পারস্পরিক সম্পর্কের উন্নয়ন প্রত্যাশা করে। তবে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার তা বন্ধ না করে, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ আরও বলেন, এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক বহুমাত্রিক। জ্বালানি, পানি ও সীমান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলমান থাকবে। তবে শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের অনুভূতিতে আঘাত করেছে। তাই এই বিষয়ে ভারতকে তাদের অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে হবে।