বাংলাদেশে কোনো আদিবাসী নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতার নিরিখে বাংলাদেশের সব নাগরিকেরই একমাত্র পরিচয় ‘বাংলাদেশি’ এবং দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিকই আদতে ‘অধিবাসী’ এবং সংবিধানে সকলের সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএইচটিআরএফ-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন একমত হয়েছেন যে, এ দেশের সর্বস্তরের মানুষের পরিচয় হবে কেবলই ‘বাংলাদেশি’। এই ঐক্যমতই আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতার মূল ভিত্তি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের অধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘে গৃহীত ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (ইউএনডিআরআইপি) সনদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ শুরু থেকেই এই সনদের বিষয়ে স্পষ্ট অবস্থানে ছিল এবং ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল, যেখানে বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। উক্ত গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় বক্তব্য প্রদান করেন। SHARES জাতীয় বিষয়: আদিবাসীজাতীয় পরিচয়বাংলাদেশিসালাহউদ্দিন আহমদসিএইচটিআরএফস্বরাষ্ট্রমন্ত্রী