২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫ প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ২৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন কিংবা তাদের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে আরও ২ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে। অন্যদিকে, রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এই বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৮৬ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৯ জন। এদিকে, গত একদিনে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৪১ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাব টেস্ট বা পরীক্ষার মাধ্যমে মোট ১৭ হাজার ৪৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। SHARES জাতীয় বিষয়: শিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সংবাদহামহামের উপসর্গ