ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশেই কোকোর মৃত্যু হয়েছে: রুহুল কবির রিজভী প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণেই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। রিজভী অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হওয়ায় ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে তাদের ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেননি। এ কারণেই জিয়া পরিবারের সদস্যদের একের পর এক নির্যাতনের শিকার হতে হয়েছে। রিজভী আরও দাবি করেন, তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়েছিল। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ও খালেদা জিয়া উভয়েই মহান মুক্তিযোদ্ধা। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবারের মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল না এবং শেখ হাসিনা ও তার বাবা পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে ঢাকায় ছিলেন। রিজভীর দাবি, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই তার পরিবারকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। অন্যদিকে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এখন জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করছেন। আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণকারীদের জন্য রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা কোকোর অন্যতম চিন্তা ছিল। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী তারেক রহমানের সতীর্থ হিসেবে যোগ্যতার সঙ্গে ক্রীড়া খাতের দায়িত্ব পালন করবেন। রিজভী বলেন, এসব কাজ সঠিকভাবে সম্পন্ন হলে আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। SHARES জাতীয় বিষয়: আরাফাত রহমান কোকোজিয়া পরিবারফ্যাসিবাদবিএনপিরুহুল কবির রিজভী