এসএসসি পাসের দুদিনের মাথায় সাপের কামড়ে প্রাণ হারালেন কিশোরী প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দুর্গম চর মিরপুর গ্রামে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিনের মাথায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে সোনালী আক্তার নামের এক কিশোরী। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দরিদ্র পরিবারের সন্তান সোনালী বাবা হারানো এক কিশোরী ছিল, যে তার মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। সোনালী বেড়ার সিনথী পাঠশালা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তার এই সাফল্যে পরিবারে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সোনালী তার মায়ের সঙ্গে পাশের একটি বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে সাপ তাকে কামড় দেয়। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে উপজেলার বাঁধেরহাট এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক চলার একপর্যায়ে সোনালী অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে মা মোছা. রাশেদা খাতুন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তিনি স্বজনদের কাছে বারবার বিলাপ করে বলছেন, 'আমি এখন কী নিয়ে বাঁচব?' সোনালী কেবল পড়াশোনায় ভালো ছিল না, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও খেলাধুলাতেও পারদর্শী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সজীব জানান, আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ে ভালো ফলাফলের জন্য আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি ঘটনার দিন রাত আটটার দিকেও সোনালীর সঙ্গে তার ফোনে অনুষ্ঠান নিয়ে কথা হয়েছিল। তার এমন অকাল মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীরা গভীরভাবে শোকাহত। SHARES জাতীয় বিষয়: এসএসসিদুর্ঘটনাপাবনাবেড়াসাপের কামড়