নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী এই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি হাসপাতালের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। এছাড়া বেলুন ও পায়রা উড়িয়ে তিনি নতুন ভবনটির কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই এর চেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে দাঁড়িয়েছে। এর আগে ২০১২ সালে ১০ তলা বিশিষ্ট ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। সর্বশেষ ১৫ তলা বিশিষ্ট নতুন ভবনটি যুক্ত হওয়ার ফলে চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত হলো।