বিশ্ব স্ট্রোক দিবস: এভারকেয়ার চট্টগ্রামে সচেতনতামূলক র‍্যালি ও ফোরাম

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আজ (২৯ অক্টোবর) বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে। এবারের বিশ্ব স্ট্রোক দিবসের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’-কে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অ্যাক্ট-ফাস্ট’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্ট্রোকের লক্ষণগুলো সহজে চেনা এবং আক্রান্ত রোগীকে দ্রুত জরুরি চিকিৎসার আওতায় নিয়ে আসা।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা যেখানে সময় সবচেয়ে বড় বন্ধু ও শত্রু হিসেবে কাজ করে। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে, আর দেরি করলে ঝুঁকি বৃদ্ধি পায়। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এই পেশেন্ট ফোরাম ও র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে আরও সচেতন করা সম্ভব হবে।

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণ বুঝতে দেরি হলে রোগীর সুস্থ হওয়া, এমনকি বেঁচে থাকার সুযোগও কমে যায়। তিনি সবার সম্মিলিত উদ্যোগে জনগণকে স্ট্রোক নিয়ে আরও সচেতন করার আহ্বান জানান।

নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মোঃ আনিসুল ইসলাম খান বলেন, স্ট্রোকের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। সময়মতো হাসপাতালে পৌঁছালে থ্রম্বোলাইসিস বা সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব। তাই লক্ষণ শনাক্তকরণ ও দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী জানান, বর্তমান বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন স্ট্রোকের ঝুঁকিতে আছেন। মুখ বেঁকে যাওয়া, হাত-পা নিস্তেজ হওয়া বা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণগুলো সাধারণত স্ট্রোকের ইঙ্গিত দেয়। স্ট্রোক হলে প্রতিটি মিনিটে মস্তিষ্কের কোষ নষ্ট হতে থাকে, তাই দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিলে রোগীর প্রাণ বাঁচানো ও সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

পেশেন্ট ফোরামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মোঃ আনিসুল ইসলাম খান, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের কনসালটেন্ট এন্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী এবং নিউরোলজি বিভাগের এ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী। ফোরাম শেষে চিকিৎসক, মেডিকেল স্টাফ, রোগীর স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত