চমেক হাসপাতালে আধুনিক ডায়ালাইসিস মেশিন উপহার দিল পার্কভিউ প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা আরও গতিশীল ও সহজলভ্য করার লক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) একটি আধুনিক হেমোডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। জাপানের নিপ্রো করপোরেশনের তৈরি SURDIAL™ 55 Plus মডেলের এই মেশিনটি হাসপাতালের ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ এবং কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে দাতাগোষ্ঠী। পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এই হস্তান্তর অনুষ্ঠানে বলেন, কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস গ্রহণ জীবন রক্ষায় অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদী এই চিকিৎসায় রোগীদের নির্ভরতা কমাতে সাহায্য করতে পেরে তাঁরা আনন্দিত। ডা. রেজাউল আরও বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। জনকল্যাণে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোও এর বড় অংশ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এই মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাফেজ মো. মুজিবুল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সাদ্দাত হোসেন ও ডা. আব্দুল কাদের এবং হাসপাতালের স্টোর অফিসার ডা. আতাউর রহমান ও ডা. জুনায়েদ। পার্কভিউ হসপিটালের পক্ষে অংশ নেন মার্কেটিং ডিরেক্টর ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার মো. জাহেদুল ইসলাম এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পার্কভিউ হসপিটালের প্রত্যাশা, এই সহযোগিতামূলক প্রয়াস স্বাস্থ্যসেবায় পারস্পরিক মেলবন্ধনকে আরও শক্তিশালী করবে এবং কিডনি রোগীদের উন্নত চিকিৎসা প্রাপ্তিতে সহায়ক হবে। SHARES স্বাস্থ্য বিষয়: কিডনি চিকিৎসাচট্টগ্রাম মেডিকেল কলেজডায়ালাইসিস মেশিনপার্কভিউ হসপিটালস্বাস্থ্যসেবা