যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ৫ জনের মৃত্যু প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন এই দুর্যোগে প্লাবিত এলাকাগুলো থেকে নৌকা ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা। হোয়াইট রিভারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানান। শনিবার তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুরোধে সম্মতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গভর্নর ব্রাউন উল্লেখ করেন, ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাঁড়াবে। দুর্যোগে প্রাণ হারানো ব্যক্তিদের বিষয়ে শেরিফ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ডেলাওয়্যার কাউন্টিতে শুক্রবার ৫৮ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টাকালে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জেনিংস কাউন্টিতে বাড়ির ওপর গাছ পড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। একই এলাকায় নদীতে ঝাঁপ দেওয়ার পর বুধবার থেকে নিখোঁজ থাকা এক কিশোরের লাশও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। SHARES আন্তর্জাতিক বিষয়: ইন্ডিয়ানাডোনাল্ড ট্রাম্পদুর্যোগনিহতবন্যাযুক্তরাষ্ট্র