ভারত সফর নিয়ে অনিশ্চয়তা, বিকল্প ভাবনায় বিসিবি প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬ সেপ্টেম্বর মাসে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও, সময় যত গড়াচ্ছে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা ততই বাড়ছে। বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের ক্রিকেট সূচির জটিলতায় ভারত শেষ পর্যন্ত বাংলাদেশে না এলে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা ধরে রাখতে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্রের তথ্য অনুযায়ী, ভারত সিরিজটি না হওয়ার পরিস্থিতি তৈরি হলে বিকল্প হিসেবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তবে এই সিরিজের দিনক্ষণ, ম্যাচের সংখ্যা কিংবা অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতি—এসবের কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিক সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু সাম্প্রতিক সূচি পরিবর্তন এবং ভারতের পরবর্তী ব্যস্ততার কারণে সিরিজটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে ভারতের ওই সময়ে সিরিজ ঠিক হয়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে তাদের সফরের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠেছে। এর আগে বিসিবি ভারত সফর নিয়ে আশাবাদী থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। বিসিবি তাই শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের জন্য অপেক্ষা না করে বিকল্প পথ খুঁজছে, যাতে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় কোনো ঘাটতি না পড়ে। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-ক্রিকেটবিসিবিভারত সফর