প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে সৈয়দ এম ওমর তৈয়বের পদোন্নতি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি খাতের প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতির পাশাপাশি তিনি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিজের বর্তমান দায়িত্বও অব্যাহত রাখবেন।

সৈয়দ এম ওমর তৈয়বের ব্যাংকিং খাতে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ও কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি দক্ষতা অর্জন করেছেন। ২০২০ সালে প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি কমিউনিটি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে সৈয়দ এম ওমর তৈয়ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ‘ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট’ (সিএসএ) এবং ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে ‘ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস’ সনদ লাভ করেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।