দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন বা ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। এর আগে ২০ আগস্ট পর্যন্ত এই রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসরণে একই সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলারে। ২০ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। ফলে এই পদ্ধতিতে চার দিনে রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যা মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে হিসাব করা হয়। রিজার্ভ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসার ফলে দেশের রিজার্ভের সার্বিক পরিস্থিতি ইতিবাচক ধারায় ফিরেছে। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিবাংলাদেশ-ব্যাংকবৈদেশিক মুদ্রার রিজার্ভরিজার্ভরেমিট্যান্স