তথ্যমন্ত্রী হিসেবে বসা, আত্মীয় হিসেবে নয়: আন্দালিভ রহমান পার্থ প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি তথ্যমন্ত্রী হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, কারো আত্মীয় হিসেবে নয়। মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রেখে প্রশ্ন করার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় মন্ত্রী এই মন্তব্য করেন। একজন সাংবাদিক শেখ হাসিনাকে মন্ত্রীর আত্মীয় হিসেবে উল্লেখ করে তাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি আশা করেছিলেন প্রশ্নটি আরও পেশাদার হবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন— বিষয়টি সবার জানা। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পার্থ জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। তিনি মন্তব্য করেন যে, বিষয়টি রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে তা শেখ হাসিনার জন্য সুখবর হবে না। তথ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা করার পরামর্শ দেন। SHARES জাতীয় বিষয়: আন্দালিভ রহমান পার্থতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বাংলাদেশ সরকারশেখ হাসিনাসংবাদ সম্মেলন