মাদকের বিরুদ্ধে ফটিকছড়িতে সামাজিক প্রতিরোধের ডাক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মাদকমুক্ত ফটিকছড়ি আমাদের অঙ্গীকার’ এই বার্তা নিয়ে একটি বিশাল মাদকবিরোধী র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় থেকে বর্ণাঢ্য এই র্যালিটি শুরু হয়। দীর্ঘ ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে র্যালিটি বিবিরহাট বাস স্টেশনে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এমপি বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে আমরা কোনো অপশক্তির সঙ্গে আপস করব না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমপি সরোয়ার আলমগীর বলেন, একজন মাদক সেবী একটি পরিবার ও সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে মুক্ত রাখতে হলে জনসচেতনতা প্রয়োজন। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং আমরা মাদকমুক্ত ফটিকছড়ি চাই। র্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সাধারণ জনগণ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’, ‘মাদক নয় জীবন চাই, মাদকমুক্ত সমাজ চাই’ ও ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ইত্যাদি সচেতনতামূলক স্লোগান দিতে দেখা যায়। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রামফটিকছড়িমাদকবিরোধীসরোয়ার আলমগীরসামাজিক প্রতিরোধ