আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরির নতুন পে-স্কেল

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন পে-স্কেল আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই এর গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এমনকি ওইদিন অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এর আগে গত ১৬ই আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন যে, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা সম্ভব। এছাড়া গত ২৯শে জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভা অনুমোদন করলে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশের লক্ষ্যে গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সকল সরকারি চাকরিজীবীর মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এটি দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রকাশিত 'জনগণের সরকারের ১৮০ দিন' শীর্ষক ই-বুকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।