স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফিরতে চলেছেন। ট্রান্সফার ডেডলাইনের আগে লেস্টার সিটি ছেড়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম শেফিল্ড স্টারের তথ্য অনুযায়ী, রোববার হামজার মেডিকেল সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দুই ক্লাবের মধ্যে ‘কার্যত ফ্রি’ ট্রান্সফারের বিষয়ে সমঝোতা হয়েছে এবং মঙ্গলবার রাতের ডেডলাইনের আগেই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চায় শেফিল্ড ইউনাইটেড। সব কিছু পরিকল্পনামতো এগোলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই তাকে দলে পাওয়া যেতে পারে। সাত বছর বয়সে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হামজা। বার্টন অ্যালবিয়নে দুটি লোনে খেলার পর ২০১৭ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। লেস্টারের হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলার পর ২০২৪ সালে লেস্টারের সঙ্গে প্রিমিয়ার লিগে ওঠার স্বাদ পান। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছিলেন হামজা। সেবার প্লে-অফ ফাইনালে দলটিকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠা হয়নি তাদের। লেস্টারের বর্তমান কোচ রাসেল মার্টিনের অধীনে মৌসুমের প্রথম তিন ম্যাচে অংশ নিলেও গত সপ্তাহে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না তিনি। ডার্বি কাউন্টির সঙ্গেও তার নাম জড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের কারণে বিকল্প হিসেবে হামজাকে স্থায়ীভাবে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। সেরিকির অপর বিকল্প ম্যাট ডোহার্টি এখনো পুরোপুরি ছন্দে না ফেরায় পরিচিত হামজাকেই বেছে নিয়েছে তারা। অবনমনের পর লিগ ওয়ানে থাকা লেস্টার সিটিও বেতনের চাপ কমাতে হামজাকে ছাড়তে আগ্রহী। শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার হামজার সঙ্গে ওয়াটফোর্ড ও শেফিল্ডে কাজ করেছেন। তিনি জানান, ১৫ বছর বয়সে লেস্টারের হয়ে খেলার সময় থেকেই তিনি হামজাকে অনুসরণ করছেন। হামজার ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার প্রশংসা করে ওয়াইল্ডার বলেন, সে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছে এবং ইউরোপ ও চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতাও তার রয়েছে। কার্ডিফ সিটির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর কোচ ওয়াইল্ডার জানিয়েছেন, আরও দুজন খেলোয়াড়কে দলে নেওয়ার কাছাকাছি রয়েছে তার দল। ভবিষ্যতে জো রথওয়েল, জাইরো রেইডেওয়াল্ড এবং কালভিন ফিলিপসের চুক্তির মেয়াদের কথা মাথায় রেখে হামজাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখছে শেফিল্ড ইউনাইটেড। SHARES খেলাধুলা বিষয়: ট্রান্সফারফুটবললেস্টার সিটিশেফিল্ড ইউনাইটেডহামজা চৌধুরী