লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিস ঘেরাও করেছেন স্থানীয়রা। এই কর্মসূচির অংশ হিসেবে টেক্সটাইল কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা মাধবদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের দুই পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে স্থানীয় শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের আয়-রোজগারে। রতন মিয়া নামের এক টেক্সটাইল শ্রমিক জানান, লোডশেডিংয়ের কারণে কাপড়ের উৎপাদন ঠিকমতো হচ্ছে না, ফলে মজুরিও কমে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা-পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মহসিন কবির শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, লোডশেডিং একটি জাতীয় সমস্যা এবং তারা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কর্মক্ষেত্রে ফিরে যান এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। SHARES জাতীয় বিষয়: নরসিংদীপল্লী বিদ্যুৎমহাসড়ক অবরোধমাধবদীলোডশেডিং