সাত মাসে ১৫৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩৬৭৯ : পুলিশ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তারা নিজেরা পরিবারের কাছে ফিরে এসেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে ২০৩৮ জন শিশুর সন্ধান এখনো মেলেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ৪৭৪টি। এদের মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৮ জনের সন্ধান এখনো মেলেনি। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী নিখোঁজ শিশুর সংখ্যা ১৫ হাজার ২৪৩। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে। পরিসংখ্যান বলছে, নিখোঁজ হওয়া মোট শিশুদের মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, গণমাধ্যমে আসা খবরে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থার পূর্ণাঙ্গ চিত্র না থাকায় জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। স্থানীয় থানার মাধ্যমে যাচাই-বাছাই করে এই সঠিক তথ্য উপস্থাপন করা হয়েছে।

১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার পেছনে বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে অভিমান, পড়াশোনার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জাবোধ, স্বাধীনভাবে জীবনযাপনের ইচ্ছা, পরিবারের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব।