এমএলএসে টানা পাঁচ ম্যাচে গোল করে নতুন ইতিহাস কাভানের

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

মার্কিন ফুটবলে নতুন মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার অনন্য কীর্তি গড়েছেন এই তরুণ সেনসেশন।

এর আগে কাভান সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়েছিলেন, যখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৬ দিন। সেই রেকর্ডের পর এবার সিএফ মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে গোল করে নিজের কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) এমএলএসের ম্যাচটিতে ফিলাডেলফিয়া ইউনিয়ন ২-০ ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেস ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে জয় নিশ্চিত হয়। গোলটি করার সময় ফিলাডেলফিয়ার এক ফুটবলার বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের গোলরক্ষকের কাছে পরাস্ত হন। তবে পেছন থেকে দৌড়ে এসে কাভান সুলিভান এক শটেই বল জালে জড়ান, যেখানে তাকে একাধিক প্রতিপক্ষের বাধা এড়াতে হয়েছে।

চলতি মৌসুমে এটি কাভানের চতুর্থ গোল। সব মিলিয়ে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট নিয়ে মোট ১১ গোলে অবদান রেখেছেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ এই সদস্য। এমএলএসে ১৬ বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে এটিই সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড। এর আগে ২০০৫ সালে ফ্রেড্ডি আদু ৪ গোল ও ৬ অ্যাসিস্টসহ মোট ১০ গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন। ধারাবাহিক পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আলাদা অবস্থান তৈরি করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত