১৬০০ টাকায় জাতীয় ফুটবল দলের জার্সি, কেন এই দাম? প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। তবে এই জার্সির দাম ১৬০০ টাকা নির্ধারণ করায় সাধারণ সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে। নাম ও নম্বর যুক্ত করলে এই খরচ বেড়ে দাঁড়াবে ১৭০০ টাকায়। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'দৌড়'-এর সিইও আবিদ আলম চৌধুরী গণমাধ্যমের কাছে এই দামের যৌক্তিকতা তুলে ধরেছেন। তিনি জানান, কেবল কাপড় ও সেলাইয়ের খরচ নয়, বরং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের রয়্যালটি বা কমিশন প্রদান করতে হয়। এছাড়া জার্সির মার্কেটিং ও বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন বাবদ বিশাল খরচের বিষয়টিও দাম নির্ধারণে প্রভাব ফেলেছে। আবিদ আলম বলেন, অনেকে মনে করতে পারেন এটি সাধারণ মানুষের নাগালের বাইরে, তবে সব খরচ সমন্বয় করেই এই মূল্য ঠিক করা হয়েছে। সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে একটি 'ফ্যান এডিশন' জার্সি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। নতুন এই জার্সিতে বিশেষ 'কুইক ড্রাই' প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তুরস্ক, চীন ও ভিয়েতনামের প্রযুক্তির ধারণা নিয়ে দেশীয় কারখানায় তৈরি। এই প্রযুক্তি জার্সি ভিজলে মাত্র ৮ মিনিটের মধ্যে শুকিয়ে ফেলতে সক্ষম, যা বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী। উন্মোচনে বিলম্বের কারণ হিসেবে বাফুফের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আবিদ আলম। তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে জার্সির গুরুত্ব যেন হারিয়ে না যায়, সে জন্য বাফুফে সভাপতি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। এছাড়া ফিফা প্রতিনিধি এবং ভিআইপি অতিথিদের শিডিউল মেলাতেও সময় লেগেছে। বর্তমানে ফিফার নিয়ম মেনে হোম (সবুজ) ও অ্যাওয়ে (সাদা) জার্সি উন্মোচন করা হয়েছে। থার্ড কিটের নকশা জমা দেওয়া হলেও বাফুফে তা এখনও অনুমোদন করেনি। বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। সাফের পর চুক্তি নবায়ন হলে থার্ড কিট আসার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বর পর্যন্ত ১ লাখ জার্সি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উন্মোচনের আগেই রবি ও বাংলালিংকের মতো কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ১০০০ থেকে ১৫০০ পিসের প্রি-অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। আসন্ন এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে জার্সির চাহিদা বাড়বে বলে প্রত্যাশা তাদের। কিন্তু বুঝতে হবে, আমরা শুধু ৩০০ টাকায় কাপড় কিনে সেলাই করে দিচ্ছি না। SHARES খেলাধুলা বিষয়: আবিদ আলম চৌধুরীদৌড়নতুন জার্সিফুটবলবাংলাদেশ-ফুটবলবাফুফে