দেশ পুনর্গঠনে তরুণরাই বড় শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্বকে পরিবর্তনের শক্তি দেখিয়ে দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তনের সূচনা তরুণ সমাজ করেছে, এখন সময় রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের।

তারেক রহমান বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার ডিএনসিসি সদস্য এবং প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিশাল জনশক্তি যদি ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসে, তবে তাদের কেউ আটকাতে পারবে না। তিনি আরও বলেন, দেশকে গড়ে তোলার দায়িত্ব এখন সবার, কারণ আমাদের এই দেশেই থাকতে হবে।

ডেঙ্গু সমস্যা সমাধানে তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত চেষ্টা চালানো হবে। শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ সাফল্য পাওয়া সম্ভব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভাঙা মাটির পাত্র বা পরিত্যক্ত জিনিসপত্র যেখানে সেখানে না ফেলে সচেতন হতে হবে। তিনি বলেন, আমরা যদি সবাই দায়িত্ব নিই এবং প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় নিজেদের বাসা, কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করি, তবে দ্রুত পরিবর্তন আসবে। ময়লা আবর্জনা যারা ছড়ায়, তাদের নিরুৎসাহিত করার আহ্বানও জানান তিনি।

এই কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন।