ট্রাইব্যুনালের কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ ঝুঁকিপূর্ণ, দাবি পলকের প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসে ব্যবহৃত কম্পিউটারগুলোতে উইন্ডোজের ব্যবহারকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। রবিবার বিচারকাজ চলাকালে বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর উপস্থিতিতে তিনি এই দাবি করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে করা মামলার নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর পলক ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন। পলক জানান, তিনি নবম সাক্ষীকে জেরা করার আগে তার আইনজীবীর সাথে পরামর্শ করতে চান এবং প্রার্থনা ও দুপুরের খাবারের জন্য দুই ঘণ্টা সময় প্রার্থনা করেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পলক বলেন, তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এবং হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথায় ভারী কিছু না নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাইব্যুনালের মতো একটি নিরাপদ জায়গায় কেন এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। এ সময় ট্রাইব্যুনালের সাইবার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, এখানকার কম্পিউটারে যে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ট্রাইব্যুনালের উচিত লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহার করা। জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আসামির সময়ের আবেদনের বিরোধিতা করেন এবং জানান, নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। উইন্ডোজের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে প্রসিকিউটর জানান, তারা আইটি বিশেষজ্ঞের সাথে কথা বলবেন। ট্রাইব্যুনাল তখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। SHARES জাতীয় বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজুনাইদ আহ্মেদ পলকশেখ হাসিনাসজীব ওয়াজেদ জয়সাইবার নিরাপত্তা