পুতুলের যোগ্যতা ছিল না, নিয়োগে দুর্নীতির গন্ধ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না এবং তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার পাশাপাশি সেখানে দুর্নীতির গন্ধও পাওয়া গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো সবার সামনে উপস্থাপন করা হবে। সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকও অনুষ্ঠিত হবে, যা দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন মিটিংয়ের আয়োজন করা হবে। বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কাজ শুরু হয়েছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা দিল্লির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। আর সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ সংক্রান্ত অন্যান্য জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। SHARES জাতীয় বিষয়: জাতিসংঘ সাধারণ পরিষদপররাষ্ট্র মন্ত্রণালয়বিশ্ব-স্বাস্থ্য-সংস্থাসায়মা ওয়াজেদ পুতুলহুমায়ুন কবির