জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ২০২৫ সালে দেশে ফেরার পর তারেক রহমান যখন জনসমুদ্রে দাঁড়িয়ে ‘আই হ্যাভ আ প্ল্যান’ বলেছিলেন, সেটি কোনো আকস্মিক রাজনৈতিক স্লোগান ছিল না। বরং এটি ছিল তার দীর্ঘদিনের সুবিবেচিত ও সুনির্দিষ্ট রাষ্ট্রভাবনা। তিনি এ পরিকল্পনার নেপথ্যের গল্প তুলে ধরে জানান, ২০১৪ সালের ১৫ জুলাই পূর্ব লন্ডনের এক অনুষ্ঠানে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের কথা বলেছিলেন এবং কোটা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা প্রকাশ করেছিলেন।

সালেহ শিবলী আরও বলেন, ২০১৪ সালে ঘোষিত সেই কোটা সংস্কারের পরিকল্পনা ২০১৮ সালে আন্দোলনের রূপ নেয় এবং ২০২৪ সালে তা সফল হয়। ১০ বছর আগেই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুধাবন করতে পারা একজন দূরদর্শী নেতার পরিচয়। তিনি উল্লেখ করেন, লন্ডনে থাকাকালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আদালতের নিষেধাজ্ঞার কারণে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হয়নি। তবে সমস্ত বাধা অতিক্রম করে তার সেই রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনা আজ বাস্তবায়িত হচ্ছে।

রাজনৈতিক ও সামাজিক জীবনের মর্যাদা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে প্রেস সচিব বলেন, অন্যের পরিবারকে ছোট করে বা প্রতিপক্ষকে হেয় করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। রাজনীতি কেবল মিছিল-মিটিং নয়, বরং পারিবারিক মর্যাদা রক্ষার মাধ্যমেই সুন্দর সমাজ গঠন সম্ভব।