তরুণদের সুযোগ দিয়ে নতুন পথে হাঁটতে চান আর্জেন্টিনার কোচ স্কালোনি প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার ফুটবলে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। এরপর থেকে দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। যদিও তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত, তবুও তিনি তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন। এশিয়ান চ্যানেল মিগুকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, যারা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে, সেই তরুণদের ওপর আস্থা রাখার সময় এসেছে। তিনি আরও বলেন, তারা সত্যিই সুযোগ পাওয়ার যোগ্য। আগামী ম্যাচগুলোতে আমাদের উদ্দেশ্য হলো, এমন তরুণদের সুযোগ দেওয়া যারা আমাদের খেলার ধরনে নিজেদের যুক্ত করতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর সময় শুরু হচ্ছে। তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বয়সকে খুব একটা বড় মাপকাঠি মনে করেন না স্কালোনি। তিনি জানান, খেলোয়াড়দের ক্লাবের পারফরম্যান্সই আসল। স্কালোনির ভাষায়, আমি সবসময় বলি, বয়স কোনো কিছুরই মাপকাঠি নয়। খেলোয়াড়েরা থাকবেন কিংবা নতুনরা আসবেন, যদি তারা নিজেদের ক্লাবে ভালো খেলেন এবং আমরা মনে করি তাদের এখানে থাকা উচিত। আমাদের প্রথম লক্ষ্য হলো, যারা এই জার্সি পরে খেলে যেতে পারে, তাদের সবাইকে সুযোগ দেওয়া। নতুন এই প্রক্রিয়ার প্রথম পরীক্ষা হিসেবে আগামী ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে, ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে এবং ৬ অক্টোবর মেসির বিদায়ী ম্যাচটি হবে বেনিনের বিপক্ষে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে। মেসির অনুপস্থিতি এবং সাম্প্রতিক সাফল্যের ধারা বজায় রাখা নিয়ে স্কালোনি কিছুটা চ্যালেঞ্জের কথাই জানিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয় করেছে। এছাড়া টানা চারটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে দলটি। স্কালোনি বলেন, ২০২৪ সালের কোপা আমেরিকার পর আমিও ভেবেছিলাম সামনে যা আসছে, তা কঠিন হবে। সবকিছু জেতার পর এবং বিশ্বকাপের আর দুই বছর বাকি থাকায় সামনে কী হবে, তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আমরা আবার সেই জায়গায় ফিরতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম, আমরা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারি। তবে কোচ হিসেবে তিনি মনে করেন, অতীতের মতো সাফল্য এবং সমর্থকদের সঙ্গে দলের গভীর আবেগীয় সম্পর্ক আবার তৈরি করা সহজ হবে না। তিনি বলেন, এখন একটি নতুন অধ্যায় খুলছে এবং আমরা এতে সুযোগ দিতে যাচ্ছি। আমি বলছি না যে আমাদের শিরোপাগুলো আবার জিততেই হবে। দলকে ঘিরে মানুষের যে আবেগ এবং নিজেদের সঙ্গে এই দলকে যেভাবে তারা একাত্ম করেছে, সেটা আবার তৈরি করা কঠিন। আমি মনে করি, এটা পুনরায় করা কঠিন হবে। সহজ হবে না, সেটা একজন কোচ ও দলের নেতা হিসেবে আমাকে বুঝতে হবে। তারপরও আমরা চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনা ফুটবলফিফাফুটবললিওনেল মেসিলিওনেল স্কালোনি