মেসিকে আরও আগে পাওয়ার আক্ষেপ আর্জেন্টিনা কোচ স্কালোনির প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় ঘনিয়ে এসেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। এই বিশেষ মুহূর্তের আগে মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা ও এক ধরনের আক্ষেপের কথা প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এশিয়ান চ্যানেল 'মিগু'-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, '২২ বা ২৩ বছর বয়সের মেসি ছিল একজন অনন্য ফুটবলার। সে আমাদের দলেও দারুণ খেলেছে। তবে আমার আফসোস, যদি তাকে আরও কম বয়সে পেতাম! সে অনন্য, সে অদ্বিতীয়।' ২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে দলটি একের পর এক সাফল্য পেয়েছে। তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেননি। তবে দলের নতুন প্রজন্মের ওপর আস্থা রাখা প্রসঙ্গে তিনি বলেন, 'ওরা সত্যিই এটি অর্জন করেছে। সামনের ম্যাচগুলোতে এটাই আমাদের উদ্দেশ্য, তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধারার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন একটি রোমাঞ্চকর সময় শুরু হয়েছে। দরজায় কড়া নাড়া এই তরুণদের ওপর আস্থা রাখার সময়।' স্কালোনি আরও যোগ করেন, 'আমরা চেষ্টা করব, আমরা এখানে থাকি বা না থাকি। সেটি বড় কথা নয়। মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছে, যা দারুণ এক বিষয়। তবে এই অর্জনগুলো পুনরাবৃত্তি করা সহজ হবে না। তবুও আমরা অবশ্যই চেষ্টা করব।' সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ নিয়েও আলোচনা করেছেন স্কালোনি। তার মতে, আগের বিশ্বকাপের তুলনায় এবার দলকে অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, 'আমরা আগের বিশ্বকাপে অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম। তখন ৯৫ শতাংশ খেলোয়াড় তাদের সেরা ফর্মে ছিল। তবে এবার আমাদের অনেক কঠিন ও হিসেবি সিদ্ধান্ত নিতে হয়েছে। খেলোয়াড়রা শতভাগ ফিট না থাকলেও আমরা তাদের ওপর ভরসা রেখেছি।' বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর দুই দেশের সমর্থকদের মধ্যে তৈরি হওয়া উত্তাপ নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, 'আমরা ভ্রাতৃপ্রতিম দেশ। হাতে গোনা তিন-চারজন মানুষের মন্তব্যের কারণে এই সম্পর্ক মলিন হতে পারে না। রানার্সআপ হওয়ার পরও মানুষ যেভাবে রাস্তায় নেমে উদযাপন করেছে, সেটি এক ধরনের বিজয়।' SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাফুটবলবেনিনলিওনেল মেসিলিওনেল স্কালোনি