চার মাস পর ইরান দলে ফিরলেন তারকা ফরোয়ার্ড সর্দার আজমুন প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার দীর্ঘ চার মাস পর ইরানের জাতীয় দলে আবারও ফিরেছেন তারকা ফরোয়ার্ড সর্দার আজমুন। আগামী বৃহস্পতিবার উজবেকিস্তানের বিপক্ষে এবং এর পাঁচ দিন পর রাশিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দলে তাকে ডেকেছেন কোচ আমির ঘালেনোয়ি। এর আগে মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার সময় আজমুনকে বাদ দিয়েছিলেন কোচ ঘালেনোয়ি। সে সময় ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট ইরানি কর্তৃপক্ষের অসন্তোষের কারণ হয়েছিল। তবে আজমুনকে বাদ দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ কোচের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ইরানের হয়ে ৯১টি ম্যাচে ৫৭টি গোল করেছেন। জাতীয় দলে ফেরার পর নিজের আবেগ প্রকাশ করে আজমুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সত্যি বলতে, আমার অনুভূতি কীভাবে প্রকাশ করব তা বুঝতে পারছি না। ২০১৪ থেকে আজ পর্যন্ত এই জার্সিতে অনেক কিছুই কাটিয়েছি। তিনি আরও বলেন, আমি এসেছি, গিয়েছি, বাদ পড়েছি, আবার ফিরেছি। কিন্তু যখন দলে ছিলাম না, তখনও একবারের জন্য মনে হয়নি যে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন। জাতীয় দলের বাইরে থাকার সময়টা কতটা মিস করেছেন সেটি উল্লেখ করে তিনি জানান, আমি যতটা প্রকাশ করেছি, তার চেয়েও বেশি জাতীয় দলকে মিস করেছি। আজ যখন জানতে পারলাম আবার ডাক পেয়েছি, আনন্দটা ঠিক প্রথমবারের মতোই ছিল। রোববার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের সঙ্গে দেখা করার পর নিজের অবস্থান পরিষ্কার করে আজমুন বলেন, আমি কারও ওপর রাগান্বিত নই, কাউকে কিছু প্রমাণও করতে চাই না। আমি শুধু খুশি যে আবারও সুযোগ পেয়েছি, যে দেশকে ভালোবাসি তার জন্য পুরো হৃদয় দিয়ে লড়তে পারব। উল্লেখ্য যে, বিশ্বকাপে আজমুনকে ছাড়াই খেলেছিল ইরান। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে তিন ম্যাচের কোনোটিতেই জয় পায়নি দলটি এবং সাতবারের বিশ্বকাপ অংশগ্রহণে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া করে। আগামী ৭ জানুয়ারি সৌদি আরবে এশিয়ান কাপ শুরু হতে যাচ্ছে, যা সামনে রেখে এখন নিজেদের গুছিয়ে নিচ্ছে ইরান। SHARES খেলাধুলা বিষয়: ইরান ফুটবলপ্রীতি ম্যাচফুটবলসর্দার আজমুন