চট্টগ্রামে কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযানে আটক ৪৪৫ জন প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ কিশোর অপরাধ প্রতিরোধ এবং তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অভিযানে মোট ৪৪৫ জনকে আটক করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সোমবার সকালে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ এবং পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য সব স্থানে পুলিশ অভিযান চালায়। অভিযানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়েছিল। এদের মধ্যে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৪৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, অভিভাবকদের ব্রিফিংয়ের মাধ্যমে সন্তানদের চলাফেরা, পড়ালেখা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়া সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না, সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখার জন্য অভিভাবকদের সচেতন করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধ দমনকিশোর অপরাধচট্টগ্রামচট্টগ্রাম জেলা পুলিশপুলিশ অভিযান