ময়মনসিংহ মেডিকেলে হাম রোগীদের চিকিৎসায় রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্টাফদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সংক্রমণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এর অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। হস্তান্তরিত সুরক্ষা সামগ্রীর তালিকায় রয়েছে ফেস মাস্ক, তুলা, এক্সামিনেশন গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও লিকুইড হ্যান্ড ওয়াশ। এই আয়োজনে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সংগঠনের সদস্য ডা. মোহাম্মদ আলী ও ফরিদা ইয়াসমিন পারভিনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। সামগ্রী হস্তান্তরের আগে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ময়মনসিংহের হাম পরিস্থিতির বর্তমান অবস্থা, আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং সংক্রমণ রোধে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রেড ক্রিসেন্ট সূত্র জানিয়েছে, এর আগেও হাম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেছে সংগঠনটি। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হাম আক্রান্ত শিশু, তাদের পরিবার এবং চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES স্বাস্থ্য বিষয়: চিকিৎসাময়মনসিংহরেড ক্রিসেন্টস্বাস্থ্য সুরক্ষাহাম