ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬০৮ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মোট চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বর্তমানে সুস্থ হওয়ার হারও বাড়ছে; গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২১ জনসহ মোট ৭৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, রাজশাহীতে ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রংপুরে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। SHARES স্বাস্থ্য বিষয়: ডেঙ্গুডেঙ্গু মৃত্যুবাংলাদেশ স্বাস্থ্যসেবাস্বাস্থ্য অধিদপ্তর