গাজায় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র: স্যাটেলাইট ছবিতে উঠে এল মানবিক সংকট প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ গুগল ম্যাপসের হালনাগাদ করা স্যাটেলাইট ছবিতে গাজায় দীর্ঘ তিন বছরের যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং ২৩ লাখ মানুষের চলমান চরম মানবিক সংকটের চিত্র উঠে এসেছে। চলতি বছরের জুনে তোলা এই ছবিগুলো থেকে দেখা যায়, প্রায় ১২ মাস আগে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ছবিগুলোতে গাজার উপকূলীয় এলাকায় বিশাল তাঁবুর ক্যাম্পের সারি লক্ষ্য করা গেছে, যার অনেকগুলোই সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। একসময়ের ব্যস্ত গাজার প্রধান সমুদ্রবন্দরটি এখন জনশূন্য ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত; সেখানে কোনো মাছ ধরার নৌকার অস্তিত্ব নেই। বন্দরের চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী আবাসস্থল। গাজা সিটির যে খোলা জায়গাগুলো এখনো অবশিষ্ট রয়েছে, সেগুলোও তাঁবু, শ্যাক ও অস্থায়ী কুঁড়েঘরে ঠাসা। উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের মতো শহরগুলোতে ধ্বংসের চিত্র স্পষ্ট। এছাড়া খান ইউনিসের ইস্তিকলাল মসজিদের মতো উপাসনালয়গুলোও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাবালিয়া ও শুজাইয়ার মতো বড় এলাকাগুলোতে বারবার ইসরাইলি সামরিক অভিযানের ফলে সেগুলোর বড় অংশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গাজার দক্ষিণাঞ্চলেও একই চিত্র দেখা গেছে। মিশরের সীমান্ত বরাবর ইসরাইলি বাহিনী একটি বিস্তৃত এলাকা পরিষ্কার করেছে বলে ছবিতে ধারণা পাওয়া যাচ্ছে। রাফাহ শহর প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তেল আল-সুলতান এলাকাটি মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র তথ্যমতে, গাজায় বর্তমানে ২১ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ধ্বংস হওয়া স্থাপনার সংখ্যা আরও ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি জ্যাক সিলিয়ার্স জানিয়েছেন, গাজায় জমে থাকা ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ৬ কোটি ১০ লাখ টন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষের মরদেহ চাপা পড়ে থাকার বিষয়টি গাজার অন্যতম প্রধান মানবিক সমস্যা হিসেবে রয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরাইল-হামাস যুদ্ধগাজাগুগল ম্যাপসমানবিক সংকটস্যাটেলাইট ছবি