সীতাকুণ্ডের দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্যের অভিযান প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর ও ওসমানের ঘোনাসহ দুর্গম পাহাড়ি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর তিন শতাধিক সদস্য অংশ নেন। অভিযানে সীতাকুণ্ড থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অপরাধী ও সন্ত্রাসী চক্র এই দুর্গম পাহাড়ি এলাকায় একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। অভিযানের অংশ হিসেবে পাহাড়ি ঘরবাড়ি, পরিত্যক্ত স্থাপনা ও সন্দেহভাজন বিভিন্ন স্থান তল্লাশি করা হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়পত্র ও গতিবিধি যাচাই-বাছাই করা হয়েছে। মূলত অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ বন্ধ করা, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ করা এবং এলাকাটিতে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের নিরাপত্তার বিষয়ে অভয় দেওয়া হয়েছে। একই সঙ্গে, এলাকায় যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জঙ্গল সলিমপুরসহ পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত বিরতিতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: আইনশৃঙ্খলাচট্টগ্রাম পুলিশজঙ্গল সলিমপুরযৌথ অভিযানসীতাকুণ্ড