চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ দুই শতাধিক ভাসমান দোকান প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ কক্সবাজারের চকরিয়া পৌরশহরে দীর্ঘ সময় ধরে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। বিকেল পর্যন্ত চলা এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই শতাধিক ভাসমান দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, সড়ক ও ফুটপাত দখল করে ভাসমান দোকান বসানোর ফলে শহরে নিত্যদিন যানজট লেগে থাকত এবং সাধারণ মানুষের চলাচল করা দুরূহ হয়ে পড়েছিল। জনগণের ভোগান্তি লাঘবে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরশহরের সড়ক দখল করে ভাসমান দোকান বসিয়ে চলছিল জমজমাট বাণিজ্য। আবার সাধারণ মানুষদেরও চলাচলে পোহাতে হচ্ছিল ভীষণ দুর্ভোগ। অভিযান পরিচালনার সময় ইউএনও শাহীন দেলোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, পৌরসভার সচিব ডা. লোকমান এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। উচ্ছেদ শেষে ইউএনও শাহীন দেলোয়ার জানান, সড়ক দখল করে ব্যবসা করার কারণে যে যানজট ও দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল তা নিরসনে এই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি, পুনরায় যেন সড়কে কোনো ভাসমান দোকান না বসে, সে বিষয়ে ব্যবসায়ীদের কড়া সতর্কতা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় সড়ক দখল করে ব্যবসা করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরবর্তীতে কেউ যদি সড়ক দখল করে দোকান বসায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES জেলা/উপজেলা বিষয়: উচ্ছেদ অভিযানকক্সবাজারচকরিয়াপৌরসভাযানজট