কক্সবাজারে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তাদের সদরে আনুষ্ঠানিকভাবে ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। গত রোববার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

জব্দ করা মাদকের তালিকায় রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫৫ লিটার বাংলা মদ। বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চালানো অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল।

অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক এবং বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে ৩৪ বিজিবি।

৩৪ বিজিবি জানিয়েছে, গত এক বছরে সীমান্ত এলাকায় তাদের অভিযানে মোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে এসব ঘটনায় ২৮৫ জনকে আটক করা হয়। সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়।