শাহ আমানত বিমানবন্দরে সোনা পাচারের দায়ে যাত্রী আটক

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে ৫৬৬ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে এসব সোনা চোরাচালানের দায়ে আটক করা হয়। আটক কামরুলের বাড়ি বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিং করার সময় সন্দেহ হলে ওই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। অভিযানে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড উদ্ধার করা হয়। এছাড়াও ওই যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট সোনার সম্ভাব্য রাজস্ব মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দ করা সোনা বর্তমানে বিমানবন্দর কাস্টমসের হেফাজতে রয়েছে। অভিযুক্ত কামরুল ইসলামের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোনা চোরাচালান এবং বৈদেশিক মুদ্রা পাচার রোধে কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি কঠোরভাবে অব্যাহত থাকবে। এই ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।