পরিবেশবিধি মেনে ট্যানারি চালাতে হবে, এসএমই ঋণ বরাদ্দ বেড়ে ২০০০ কোটি প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত যেসব কারখানা এখনও উৎপাদনে যেতে পারেনি, সেগুলোকে চালু করতে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। একই সঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। চামড়াশিল্পের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর লেদার ও নন-লেদার মিলিয়ে বাংলাদেশ প্রায় ১৭৮ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি নতুন প্রধান বাজার হিসেবে উঠে আসা ভারতে রফতানি বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান ও পরিবেশগত মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতার কারণে এ খাতের অগ্রগতি ব্যাহত হলেও সরকার বিদ্যমান সংকট মোকাবিলায় সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। শিল্পনগরীর সার্বিক পরিবেশ সুরক্ষায় কঠোর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার চেয়ে বড় আয়তনের প্রতিটি ট্যানারিতে নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা বাধ্যতামূলক। পাশাপাশি সাভারের প্রতিটি ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশবিধি মানতে ব্যর্থ হলে কোনো ট্যানারি পরিচালিত হতে দেওয়া হবে না। এছাড়া সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের কার্যক্রমও শুরু হচ্ছে। অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি ও বৈষম্য দূরীকরণে মূল ভূমিকা রাখে। বর্তমানে জিডিপিতে এ খাতের অবদান এক-চতুর্থাংশের কম, যা অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। ব্যাংকঋণের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা অর্থায়ন থেকে বঞ্চিত হন। এই প্রতিবন্ধকতা সরাতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে, যাতে উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সুবিধা ও ঋণ পান। মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এসএমই ঋণ পুনঃঅর্থায়ন তহবিল ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই কর্মসূচির অধীনে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলার ইতিবাচক উদাহরণ। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: এসএমই ঋণখন্দকার আব্দুল মুক্তাদিরট্যানারি শিল্পবাংলাদেশ নেদারল্যান্ডস বাণিজ্যবাণিজ্য মন্ত্রণালয়সাভার চামড়া শিল্পনগরী