ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে দফায় দফায় বিস্ফোরণ প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গভীর রাতে সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাসনিম প্রথমে জানায় যে বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়, তবে কিছু সূত্রের ধারণা অনুযায়ী সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কোনো জাহাজের ওপর সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে। হামলাটিকে সামরিক ধরনের বলে উল্লেখ করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানের কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এদিকে, এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে প্রভাব পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানতেলের-দামবিস্ফোরণসিরিক