শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতার অভিযোগ, স্থগিত ঢাবি শিক্ষকের চেয়ারম্যান পদায়ন প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে বিভাগটির চেয়ারম্যান পদে পদায়ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত আগস্টে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে জনমত গঠনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ড. হাদী তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদে ড. আহসানুল হাদীর দায়িত্ব পাওয়ার কথা ছিল। এর আগে গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদের মেয়াদের সমাপ্তি ঘটে। তবে জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে তদন্ত সংক্রান্ত জটিলতার কারণে কলা অনুষদের ডিনকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সংস্কৃত বিভাগেরও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে হচ্ছে। এর আগে সাবেক ডিন ছিদ্দিকুর রহমান খানও একই প্রশাসনিক জটিলতায় এসব অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বাভাবিক নিয়মে জ্যেষ্ঠতার ভিত্তিতেই বিভাগীয় প্রধান নিয়োগ করা হলেও বিশেষ পরিস্থিতিতে কিংবা সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক ব্যবস্থা হিসেবে ডিনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক বৈঠকে বিশেষ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম স্ট্যাটিউটস-এর ৪৫ (৩) ধারা মতে অদক্ষতা, নৈতিক স্খলন, শৃঙ্খলা পরিপন্থী ও অপেশাদারসুলভ কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ থাকা শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত বা তথ্যানুসন্ধান চালানো হবে। এই প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্টদের পদোন্নতি, স্থায়ীকরণ, ইনক্রিমেন্ট এবং যেকোনো ধরনের প্রশাসনিক পদে পদায়ন সম্পূর্ণ স্থগিত থাকবে। গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ড. আহসানুল হাদীর নাম ওই তালিকায় থাকা এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকায় তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়নি। অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টিতে আওয়ামীপন্থী একদল শিক্ষক মূল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES শিক্ষা বিষয়: ড. আহসানুল হাদীঢাকা-বিশ্ববিদ্যালয়ঢাবি প্রশাসনফারসি ভাষা ও সাহিত্য বিভাগশেখ হাসিনা