আইসিজের রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ‘অন্যায্য’: মিয়ানমার প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ নভেম্বর) নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো এই প্রতিক্রিয়া জানান। খাইং খাইং সো অভিযোগ করেন যে, তার দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আদালতের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগত নয়। তিনি দাবি করেন, বিশ্বের প্রধান নেতারা এর আগে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থা’গুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে এই ঐতিহাসিক রায় প্রদান করে। মামলাটি দায়েরের সাত বছর পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়। এটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করার ঘটনা। নাজি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে রায় দেওয়া এটি চতুর্থ ঘটনা। আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে। এছাড়া রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা এবং ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো অপরাধ সংঘটিত হয়েছে। রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতার হন ও ৫০০ দিনের বেশি কারাবন্দি ছিলেন। আইসিজের রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার পরিমাণ পরে নির্ধারণ করা হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। রায়ের পর বিভিন্ন শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষ আনন্দ প্রকাশ করলেও, কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত। SHARES অন্যান্য বিষয়: আইসিজেগণহত্যাগাম্বিয়ামিয়ানমাররোহিঙ্গা