জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে বাংলাদেশ প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম স্থান অর্জন করেছে। এই সাফল্যের ফলে প্রথমবারের মতো বাংলাদেশ ডাবল-ডিজিট বা দুই অঙ্কের র্যাঙ্কিং ব্র্যাকেটে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এর আগের ২০২৪ সালের সংস্করণে দেশটির অবস্থান ছিল ১০০তম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে নিজের অবস্থান বজায় রেখেছে। সূচকটির প্রধান দুটি উপাদানেও বাংলাদেশ সর্বোচ্চ নম্বর পেয়েছে; এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর ০.৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) কর্তৃক প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ অনুযায়ী এই ফলাফল পাওয়া গেছে। এই তালিকায় ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। ইজিডিআই মূলত একটি দেশের নাগরিক সেবা প্রদানের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং সামগ্রিক অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিনটি মাত্রার স্কোরের ভারযুক্ত গড়। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী গড় ইজিডিআই ৪.৬ শতাংশ বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে, যেখানে বাংলাদেশের বর্তমান স্কোর ০.৬৮৯৩ বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। এছাড়া মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি। SHARES জাতীয় বিষয়: ই-গভর্নমেন্টজাতিসংঘডিজিটাল বাংলাদেশতথ্যপ্রযুক্তিবাংলাদেশ