ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক অপসারণে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাস নেয়ার ক্ষেত্রে পুরুষ অধ্যাপকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নারী শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে, এই আন্দোলনে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি হলো অবিলম্বে পুরুষ শিক্ষকদের পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে যে, নারী ও পুরুষের অবাধ মেলামেশা রোধ করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এমন অনুরোধ ছিল। তবে শিক্ষার্থীরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন—এমন বিষয়টি জেনেই তারা ভর্তি হয়েছিলেন এবং তাদের পরিবারও এই সিদ্ধান্তের বিরোধী ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে উপহাস করছে। হুদা নামের ২২ বছর বয়সী এক শিক্ষার্থী জানান, প্রতিবাদের সময় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাদের পথ আটকে দেন। সে সময় দেহরক্ষীরা শিক্ষার্থীদের নিয়ে হাসাহাসি করেন এবং তাদের মুখের ছবি তোলেন, যা শিক্ষার্থীদের ভয় দেখানোর একটি কৌশল বলে তারা মনে করছেন। হুদা প্রশ্ন তোলেন, পুরুষ চিকিৎসকরা যদি উভয় লিঙ্গের রোগীদের চিকিৎসা করতে পারেন, তবে পুরুষ অধ্যাপকরা কেন নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না? জবাবে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শিক্ষার্থীরা দেয়ালে মাথা ঠুকলেও তিনি ওই অধ্যাপকদের ফিরিয়ে আনবেন না। শিক্ষার্থীরা জানিয়েছেন, সরিয়ে দেয়া শিক্ষকদের তত্ত্বাবধানে তাদের অনেকের স্নাতক পর্যায়ের গবেষণা ও সমাপনী প্রকল্প চলমান ছিল। দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষকের পাঠদান পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের মেধা, দুর্বলতা ও কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। নতুন শিক্ষক নিয়োগের ফলে তাদের শিক্ষাজীবন ও গবেষণায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বলেছে, এই পরিবর্তন মেনে নিতে না পারলে তারা চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা এটিকে ইরাকে নারী অধিকার সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে যেন তারা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো অধিকার তাদের নেই। দেশটিতে নারীদের পোশাক ও শালীনতা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে এবং আবায়া পরা শিক্ষার্থীদের প্রশংসা করার প্রবণতাও দেখা যাচ্ছে। ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান এই বিধিনিষেধকে ‘সামাজিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। তার মতে, নারীদের প্রতিভা ও সক্ষমতা দমিয়ে রাখার চেষ্টা চলছে। যে ইরাকি সমাজ থেকে অসংখ্য মেধাবী মানুষ ও দক্ষ পেশাজীবী উঠে এসেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছেন, সেই সমাজকে তালেবানশাসিত কাবুলের আদলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সালমানের মতে, এ ধরনের সিদ্ধান্ত ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষর ও অনুসমর্থন করা আন্তর্জাতিক চুক্তি ও সনদেরও পরিপন্থি। SHARES শিক্ষা বিষয়: অধ্যাপকইরাকনারী শিক্ষাবিক্ষোভবিশ্ববিদ্যালয়শিক্ষার্থী