ময়মনসিংহে নিষিদ্ধ দলের মিছিলে অংশ নেওয়ায় আটক ছয় কিশোর

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন দশম ও নবম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানের কর্মী হিসেবে কর্মরত।

জেলা পুলিশের পক্ষ থেকে রাত সাড়ে নয়টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল পাঁচটার দিকে নিষিদ্ধ সংগঠনের কয়েকজনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই কিশোরদের আটক করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের পলাতক কয়েকজন সদস্যের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়েছিল এবং মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

পুলিশের দাবি, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।