গায়ানা উপকূলে ফেরিডুবি: নিখোঁজদের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার অভিযান প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে শতাধিক আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) গভীর রাতে এমভি বারিমা নামের ওই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে ১১৬ জন যাত্রী ও নাবিক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৫ শিশুসহ মোট ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এমভি বারিমা ফেরিটি শনিবার বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে গায়ানার রাজধানী জর্জটাউন থেকে ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি অবস্থিত তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা করেছিল। রাত ১১টার কিছু পর ফেরিটি থেকে বিপদসংকেত পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। এই অভিযানে গায়ানা ডিফেন্স ফোর্সের কোস্ট গার্ড ও এয়ার কর্পস, বেসরকারি উড়োজাহাজ, মাছ ধরার নৌযান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে গায়ানার গণপূর্তমন্ত্রী হুয়ান এডঘিল জানান, প্রাথমিক তদন্তে কোনো যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের প্রমাণ পাওয়া যায়নি। ফেরিটি ৩৯৭ জন যাত্রী এবং ২৮৪ টন মালামাল বহনের অনুমোদিত সীমার ভেতরেই ছিল। তার ভাষ্যমতে, যাত্রার সময় এতে ২৬৮ টন মালামাল ছিল এবং ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি লাইফবোট ও ছয়টি ফোলানো যায় এমন ভেলা ছিল। দুর্ঘটনাটি মূলত জোয়ারের কারণে ঘটেছে বলে ধারণা করছেন তিনি। এদিকে, রোববার (১৯ জুলাই) গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস এক বিবৃতিতে জানান, নিখোঁজদের অনুসন্ধানে এলাকাটি ৪০০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটার করা হয়েছে। উদ্ধার অভিযানে আরও উড়োজাহাজ ও নৌযান যুক্ত করার পাশাপাশি স্থানীয় অভিজ্ঞ জেলেদেরও কাজে লাগানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে থাকা যাত্রী ও নাবিকদের তালিকার সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নিখোঁজ প্রত্যেকের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক সংবাদউদ্ধার অভিযানগায়ানাদুর্ঘটনাফেরিডুবি