গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটে আহত শিক্ষানবিশ আইনজীবী

প্রকাশিত: 7:02 PM, July 22, 2026

গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া একটি কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই আইনজীবীর মাথা ফেটে যায়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারক মো. সুজন মিয়ার এজলাস চলাকালীন আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এসময় বিচারক আইনজীবীদের লক্ষ্য করে ওই কাঁচের পেপারওয়েটটি ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। এতে সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে রক্তাক্ত হন।

ঘটনার পর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিমও ঘটনার নিন্দা জানিয়েছেন এবং যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়্যাটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।